পুলিশের দক্ষতায় যশোরে সাইবার প্রতারণার শিকারদের হাতে ফিরলো মোবাইল ও নগদ অর্থ
- আপডেট: ০৪:১৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ৯৬

নিজস্ব প্রতিবেদক: সাইবার অপরাধীদের বিরুদ্ধে বড় সাফল্য দেখিয়েছে যশোর জেলা পুলিশ। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোন, নগদ অর্থ ও ডিজিটাল আইডি ফেরত দিয়েছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি ইউনিট।
সোমবার (২১ জুলাই) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে এসব হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান। তিনি উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন এবং বলেন, “সাইবার অপরাধ এখন একটি বড় হুমকি। সকলকে প্রযুক্তির ব্যবহারে হতে হবে সচেতন ও সতর্ক।”
সাইবার অপরাধ দমন ও উদ্ধার কার্যক্রমের চিত্র: ৫২টি মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর, ০৮টি ইমো আইডি পুনরুদ্ধার, ১৫টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার, ২,৭৫,০০০ টাকা (নগদ/বিকাশ) উদ্ধার, ২৫ জন ভিকটিম শনাক্ত ও সহায়তা প্রদান, অস্ত্রসহ ৪ জন আসামি গ্রেপ্তার ও মামলা রুজু, রিয়াল প্রতারক শনাক্ত, ৮০,০০০ টাকা, ১টি মোটরসাইকেল উদ্ধার এবং ৪ জন গ্রেপ্তার।
অনুষ্ঠানে পুলিশ সুপার আরও জানান, যশোর জেলা পুলিশ ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে এবং প্রতারকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করবে।
“সোশ্যাল মিডিয়ায় অপরিচিত লিংক বা প্রোফাইল থেকে সাবধান থাকুন। কারো সঙ্গে আর্থিক লেনদেনের আগে যাচাই করে নিন।”
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, ক্ষতিগ্রস্ত ভিকটিম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে যশোর পুলিশের এই সফল কর্মকান্ডের প্রশংসা করেন।
















