যশোরসহ খুলনা রেঞ্জের ৬৪ থানায় চালু অনলাইন জিডি, নিজের মোবাইল থেকে ঘরে বসে করা যাবে আবেদন
- আপডেট: ১১:২৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ১২৮

নিজস্ব প্রতিবেদক: পুলিশি সেবা সহজীকরণ ও ডিজিটালাইজেশনের পথে বড় পদক্ষেপ নিয়েছে যশোর জেলা পুলিশ। জেলার ৯টি থানায় একযোগে চালু হয়েছে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা।
রোববার দিবাগত রাতে যশোর কোতোয়ালী মডেল থানায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার রওনক জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার নিজে উপস্থিত থেকে অনলাইন জিডি কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। আগে শুধুমাত্র হারানো বা প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত। এখন ঘরে বসেই সব ধরনের সাধারণ ডায়েরি করা যাবে। এতে মানুষের সময় ও ভোগান্তি কমবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবীব, যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত ও ওসি (তদন্ত) কাজী বাবুল।
প্রথম অনলাইন জিডির সুবিধাভোগী শেখহাটি জামরুল তলার বাসিন্দা রহিমা বেগম (৫১)। অভিযোগে তিনি জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। অভিযোগ দিতে তিনি থানায় আসেন। তবে নিজে না জানলেও ডিউটিরত পুলিশ সদস্য তাঁর মোবাইল থেকেই অনলাইন জিডি সম্পন্ন করতে সহায়তা করেন।
তিনি বলেন, “আগে বাইরে গিয়ে দোকানে গিয়ে টাইপ করিয়ে জমা দিতে হতো। এখন নিজের মোবাইলেই সহজে অভিযোগ করতে পারছি। অনেক সুবিধা হয়েছে।”
পুলিশ জানায়, গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলেই সেবা পাওয়া যাবে। প্রয়োজনে ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগ করে সহায়তা নেওয়া যাবে, যা ২৪ ঘণ্টা চালু থাকবে।
এই সেবার মাধ্যমে: ২৯টি অধর্তব্য অপরাধের বিষয়ে অনলাইন জিডি করা যাবে, ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে সাধারণ ডায়েরি করা যাবে, অভিযোগকারী তার অভিযোগের অগ্রগতি জানতে পারবেন, ট্র্যাকিং নম্বরের মাধ্যমে জিডির সর্বশেষ অবস্থা জানা যাবে, তদন্ত কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ থাকবে।
এ ছাড়া, গ্রামীণ জনপদের মানুষ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সহায়তায়ও অনলাইন জিডি করতে পারবেন। পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।













