“বাগআঁচড়ায় পরিবহন শ্রমিকদের মরণোত্তর ভাতা প্রদান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত”
- আপডেট: ০৮:২৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ১০২

সাখাওয়াত হোসেন: শার্শা উপজেলার বাগআঁচড়া নাভারণ–বেনাপোল সড়ক পরিবহন মটর শ্রমিক ইউনিয়ন (৬৬৯) এর উদ্যোগে বুধবার একটি সুধী সমাবেশ ও মরণোত্তর ভাতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে ৩১ জন মৃত পরিবহন শ্রমিকের পরিবারের সদস্যদের প্রত্যেককে ৩৫ হাজার টাকা করে মোট ১০ লক্ষ ৮৫ হাজার টাকা প্রদান করা হয়।
বুধবার (১৬ জুলাই) দুপুরে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী রুহুল আমিন টুটুল এবং উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক প্রার্থী শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টার ডিস্ট্রিক বাস সিন্ডিকেট যশোর-৫ অঞ্চলের সহ-সভাপতি এবিএম শামসুল আলম (কাজল)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন তাঁর বক্তৃতায় বলেন, “আজকের এই আয়োজন আমাদের সংগঠনের পক্ষ থেকে শ্রমিক ভাইদের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধের প্রতীক। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এই শ্রমিক ইউনিয়নটি শুরু থেকেই মরণোত্তর ভাতা প্রদানের প্রথা চালু করলেও এটি প্রথমবারের মতো একসাথে ৩১ জনের পরিবারকে ১০ লক্ষ ৮৫ হাজার টাকা প্রদান করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই, ভবিষ্যতেও শ্রমিকদের জন্য আরও মানবিক সহায়তা এবং সংগঠিতভাবে পাশে দাঁড়ানোর ব্যবস্থা গ্রহণ করা হোক। যারা মারা গেছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের পরিবারের পাশে থেকে সংগঠন সবসময় কাজ করে যাবে এমন আশা রাখি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: জামাল উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, তথ্য ও গবেষণা সম্পাদক মো: সেলিম মিয়া এবং স্থানীয় নেতৃবৃন্দ।
এ ছাড়া শ্রমিক পরিবারের সদস্যরা অনুষ্ঠানে এসে সংগঠনের পক্ষ থেকে এই মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
















