বেনাপোল সীমান্তে বিজিবি’র কঠোর তৎপরতায় মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের ২৪ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ
- আপডেট: ০৮:৪০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ১৮৮

নিজস্ব প্রতিবেদক: যশোর বেনাপোল সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই-২০২৫) সারাদিন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল রঘুনাথপুর, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এই বিশেষ অভিযান চালায়।
অভিযানে বিজিবি সদস্যরা বিদেশী মদ, ভারতীয় গাঁজা, শাড়ী, কম্বল, স্পোর্টস বুট, বিভিন্ন প্রকার খাদ্যপণ্য ও কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ ৩২ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “দীর্ঘদিন ধরেই সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে এ অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, “জব্দকৃত ভারতীয় পণ্যসমূহ দ্রুত কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে এবং মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে।”
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের স্বার্থে সীমান্তে সকল ধরনের অপরাধ দমন ও মাদক নির্মূলে তাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।
















