কলারোয়ায় র্যাবের অভিযানে ৮৫ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট: ১০:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ৬

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে ৮৫ বোতল এসকাফ (ESKUF) সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
সোমবার (৪ আগস্ট-২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্প ও সিপিসি-৩ যশোর ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া টেলিফোন এক্সচেঞ্জের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি কালো রঙের পালসার মোটরসাইকেলে করে মাদক বহনের সময় ৮৫ বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয় এবং মো. সালাউদ্দিন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সালাউদ্দিন কলারোয়া উপজেলার মৃত মুনতাজ আলীর ছেলে।
র্যাব জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কলারোয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দ করা মাদকদ্রব্যসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল থেকে র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।





















