শার্শা-বেনাপোল সীমান্তে বিজিবির পৃথক অভিযানে হেরোইন-ফেন্সিডিল জব্দ, আটক-১
- আপডেট: ১১:০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযানে ৫ গ্রাম হেরোইন, একটি বাইসাইকেল, ২৮৫ বোতল ভারতীয় এসকাফ (Eskuf) সিরাপ এবং ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন-২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সূত্রে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, একই দিন শার্শা সীমান্তে রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৫গ্রাম হেরোইন ও একটি বাইসাইকেলসহ আবু কালাম (৫০) নামে একজনকে আটক করা হয়। তিনি শার্শা থানার রুদ্রপুর গ্রামের মৃত সুরত আলী গাজীর ছেলে। উদ্ধারকৃত আলামতের আনুমানিক সিজার মূল্য ১৬ হাজার টাকা।
আটক আবু কালামকে জব্দকৃত আলামতসহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, একই দিনে বেনাপোল সীমান্তের পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযানে ২৮৫ বোতল ভারতীয় এসকাফ (Eskuf) সিরাপ ও ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১৮ হাজার টাকা।
পরে জব্দকৃত মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, বিজিবির আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















