যশোরে শ্বাশুড়িকে জবাই করে হত্যা: চাপাতিসহ পুত্রবধূ আটক
- আপডেট: ০২:১৮:০০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের বেজপাড়া এলাকায় ষাটোর্ধ্ব নারী সকিনা হত্যাকাণ্ডের ঘটনায় পুত্রবধূ মরিয়ম বেগম (২০)কে আটক করেছে পুলিশ। কোতোয়ালী থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র (চাপাতি) উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত সকিনার ছেলে মো. শহিদুল ইসলাম তার মা নিখোঁজ হওয়ার ঘটনায় কোতোয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে বাড়িতে গিয়ে বাসার সামনে একটি বস্তার ভেতর মায়ের লাশ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার, ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহ করেন। প্রাথমিক তদন্তে নিহতের পুত্রবধূ মরিয়মের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মরিয়ম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ। সে জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শ্বাশুড়ির সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন মঙ্গলবার (২১ এপ্রিল) পুনরায় বকাঝকার একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা চাপাতি দিয়ে শ্বাশুড়িকে জবাই করে হত্যা করে। পরে আলামত গোপন করতে লাশ বস্তাবন্দি করে এবং ব্যবহৃত চাপাতি ঘরের ওয়্যারড্রোবের ভেতর লুকিয়ে রাখে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই ওয়্যারড্রোব থেকে হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করে।
আটক মরিয়ম বেগম যশোর শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





















