পুটখালী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ ৫ চোরাকারবারি আটক
- আপডেট: ০৯:১৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে জোরদার গোয়েন্দা নজরদারি ও টহলের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে ২ বোতল ভারতীয় উইনসেরক্স সিরাপ, ৩টি মোবাইল ফোন এবং ৩টি সিমকার্ডসহ পাঁচজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—মোঃ সাবু (৪৪), মোঃ হায়দার আলী (৩৩), ইউসুফ আলী (৩০) ও মোঃ আলমগীর হোসেন (৩৮)। তাদের সবার বাড়ি যশোরের বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামে। এছাড়া মোঃ নয়ন মনি (৩৬) নামে আরও একজনকে আটক করা হয়, যার বাড়ি শার্শা থানার ধলদাহ গ্রামে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ সাফল্য অর্জিত হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত মাদক ও অন্যান্য সামগ্রীর আনুমানিক মূল্য ৬ হাজার ১০০ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















