নাভারণে ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবা ও প্রায় ২০ লক্ষ টাকাসহ আটক-১
- আপডেট: ০৪:৫৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / ২৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির প্রায় ২০ লাখ টাকা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে ঝিকরগাছা থানার নাভারণ পুরাতন বাজার রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই মোঃ সালাউদ্দিন খান।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নাভারণ পুরাতন বাজার এলাকায় এক ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছালে জ্যাকেট পরিহিত এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করা হয়।
আটক মোঃ জিয়াউর রহমান (৫৫) যশোরের ঝিকরগাছা থানার কুন্দিপুর গ্রামের অস্থায়ী বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তার প্যান্টের পকেট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী ডিবি পুলিশ তাকে নিয়ে তার বসতবাড়িতে অভিযান চালায়। সেখান থেকে আরও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসঙ্গে বাড়ির বিভিন্ন স্থান থেকে মাদক বিক্রির নগদ ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক জিয়াউর রহমানের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






















