প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন
- আপডেট: ১১:৪৫:০০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার উলশীতে ‘জিয়ার খাল’ পুনঃখনন কর্মসূচিকে ঘিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বেনাপোল উন্নয়ন পরিষদ।
মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৬) দুপুরে বেনাপোলের এক অনুষ্ঠানে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বেনাপোল উন্নয়ন পরিষদের সভাপতি মফিজুর রহমান সজন। এসময় স্থানীয় গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর হিসেবে পরিচিত বেনাপোল স্থলবন্দর জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে এখনও বঞ্চিত। অবকাঠামোগত সীমাবদ্ধতা, তীব্র যানজট, পণ্য খালাসে দীর্ঘসূত্রিতা এবং যাত্রীসেবার মানের ঘাটতির কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন বন্দর ব্যবহারকারীরা।
তিনি আরও জানান, বন্দর ও কাস্টমস থেকে প্রতি বছর বিপুল রাজস্ব আদায় হলেও সে অনুপাতে উন্নয়ন হয়নি। এ প্রেক্ষাপটে তারেক রহমানের আগমন উপলক্ষে তিন দফা দাবি উত্থাপন করা হয়েছে।
দাবিগুলো হলো—ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত ৬ লেনের মহাসড়ক নির্মাণ, বেনাপোল স্থলবন্দরে আধুনিক সুবিধাসম্পন্ন ১০০ শয্যার হাসপাতাল স্থাপন এবং বন্দরের নাম পরিবর্তন করে ‘জিয়া স্থলবন্দর’ রাখা।
মফিজুর রহমান সজন বলেন, যশোর-বেনাপোল মহাসড়কের ঝুঁকিপূর্ণ ও পুরোনো গাছ অপসারণ জরুরি। এসব গাছ যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
তিনি অভিযোগ করেন, বিগত সময়ে বন্দরটির প্রত্যাশিত উন্নয়ন হয়নি। তবে তারেক রহমান-এর নেতৃত্বে দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি বেনাপোল বন্দরের আধুনিকায়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্প্রতি বন্দরে ক্রেন দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যুর ঘটনা উল্লেখ করে তিনি বলেন, উন্নত চিকিৎসা সুবিধার অভাবে আহতদের যশোর শহরে নিতে হয়, যা সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ। তাই দ্রুত একটি আধুনিক হাসপাতাল স্থাপন অত্যন্ত জরুরি।
সংবাদ সম্মেলনে অন্যান্য বক্তারাও বন্দরের দীর্ঘদিনের সমস্যা তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা গেলে রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিও আরও গতিশীল হবে।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও পুটখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হবিসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।























