বেকিং পাউডার ঘোষণা দিয়ে শাড়ি–থ্রি পিস আমদানি, চালান আটক
- আপডেট: ১০:১৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / ৮

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বেনাপোল স্থলবন্দরের ৩৭ নম্বর শেড থেকে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত প্রায় ৬ কোটি টাকা মূল্যের শাড়ি, থ্রি-পিস ও বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে বেনাপোল বন্দরের ৩৭ নম্বর শেড থেকে চালানটি আটক করা হয়।
কাস্টমস সূত্রে জানা গেছে, সাফা ইমপেক্স নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান বেকিং পাউডার ঘোষণা দিয়ে ১০০ প্যাকেজ শাড়ি, থ্রি-পিস ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী আমদানি করে বেনাপোল বন্দরের ৩৭ নম্বর শেডে আনলোড করে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, বেকিং পাউডারের পরিবর্তে উচ্চ শুল্কমূল্যের শাড়ি, থ্রি-পিস ও বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী আমদানি করা হয়েছে।
মিথ্যা ঘোষণায় আমদানিকৃত পণ্যের মধ্যে রয়েছে—উন্নত মানের শাড়ি ৭ হাজার পিস, থ্রি-পিস ৬ হাজার পিস, টু-পিস ৩০০ পিস, বেবি ওয়্যার ৩০০ কেজি, ওড়না ৫৫০ পিস, ফেস ওয়াশ ৬০০ কেজি, বডি লোশন ১০০ কেজি এবং বিশেষ ধরনের কেমিক্যাল ৬০০ কেজি। কাস্টমস সূত্র জানায়, এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।
বেনাপোলের ব্যবসায়ীরা জানিয়েছেন, একটি চক্র বন্দরের শেড ইনচার্জদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি করছে। কাস্টমস কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে এসব পণ্য আটক করলেও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা না নেওয়ায় তারা বারবার একই ধরনের কাজ করছে। অভিযোগ রয়েছে, বন্দরের শেড ইনচার্জ থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় এসব সিন্ডিকেট কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এর আগে গত রোববারও একইভাবে আরেকটি চালান আটক করা হয়। ওই চালানে ঘাসের বীজ ঘোষণা দিয়ে ১৭ টন পাটের বীজ আমদানি করা হয়েছিল।
সরকারি ছুটি থাকায় এ বিষয়ে কাস্টমসের কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে বেনাপোলের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পণ্যবাহী চালানটি আটক করে কাস্টমস কর্তৃপক্ষকে জানানো হয়। পরে কাস্টমস কর্তৃপক্ষ রাতেই চালানটি জব্দ করতে সক্ষম হয়। আটক পণ্যের মূল্য প্রায় ৬ কোটি টাকা।




















