HS কোড বা পণ্যের বর্ণনায় ভিন্নতা থাকলেও বন্ডেড পণ্য দ্রুত খালাসের নির্দেশ এনবিআরের
- আপডেট: ০১:৪৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / ২৪৮

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক জরুরি নির্দেশনা জারি করে জানিয়েছে, HS কোড বা পণ্যের বর্ণনায় ভিন্নতা থাকলেও নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বন্ডেড প্রতিষ্ঠানের আমদানিকৃত মালামাল দ্রুত খালাস করা যাবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্ড লাইসেন্সে অন্তর্ভুক্ত পণ্যের বর্ণনা ও HS কোড অনুযায়ী আমদানিকৃত পণ্যের ঘোষণা দাখিল করার পর অনেক সময় কাস্টমস কর্তৃপক্ষের কায়িক পরীক্ষায় ভিন্ন HS কোড বা ভিন্ন পণ্যের বর্ণনা নির্ধারিত হয়। এতে করে শুল্কায়নে জটিলতা তৈরি হচ্ছে এবং পণ্যচালান যথাসময়ে খালাস না হওয়ায় রপ্তানি কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের দৃষ্টিগোচর হলে, রপ্তানি বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সোমবার (৯ সেপ্টেম্বর ২০২৫) এই নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, কাস্টমস কর্তৃপক্ষ যদি ঘোষণা অনুযায়ী নয় বরং পৃথক HS কোড নির্ধারণ করে, তবে শর্ত থাকে যে, নির্ধারিত ও ঘোষিত HS কোডের প্রথম চার ডিজিট যদি মিলে যায়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট HS কোডকে বন্ড লাইসেন্সে অন্তর্ভুক্ত করার মুচলেকা (অঙ্গীকারনামা) দিলে তাৎক্ষণিকভাবে পণ্য খালাসের অনুমতি দেবে সংশ্লিষ্ট কাস্টমস হাউস।
এছাড়াও, নতুন করে নির্ধারিত HS কোড যদি পূর্বের সঙ্গে না মিলে, তাহলে বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠান CBMS-এর মাধ্যমে প্রাপ্যতায় সংশ্লিষ্ট কোডটি অন্তর্ভুক্ত করে সর্বোচ্চ দুই (০২) দিনের মধ্যে পণ্য খালাস করতে পারবে।
এনবিআরের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে রপ্তানি প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত ও কার্যকর। ফলে সময়মতো রপ্তানি পণ্য জাহাজীকরণ সম্ভব হবে এবং দেশের বৈদেশিক মুদ্রা আয়েও আসবে গতি।
সংশ্লিষ্ট বন্ডেড প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে এনবিআর।

















