খাগড়াছড়িতে বিটিজেকেএস ফুটবলের রোমাঞ্চকর ফাইনাল: টাইব্রেকারে বেতছড়ি মারমা পাড়া একাদশের জয়
- আপডেট: ১১:৪০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / ১১৩

খাগড়াছড়ি প্রতিনিধি।। দীর্ঘ প্রায় দুই মাসের উৎসবমুখর প্রতিযোগিতার পর শেষ বাঁশির সঙ্গেই মিলল চ্যাম্পিয়নের মুকুট— আর সেই মুকুট উঠল বেতছড়ি মারমা পাড়া একাদশের মাথায়।
বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ (বিটিজেকেএস) আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনালে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে মুখোমুখি হয় দুটি অপ্রতিরোধ্য দল— বেতছড়ি মারমা পাড়া একাদশ ও বেলতলী পাড়া ফুরুংনি সাল একাদশ।
টানটান উত্তেজনা আর গ্যালারিভর্তি দর্শকের উল্লাসে ভাসমান ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। এর পর ভাগ্যের পরীক্ষায় ট্রাইবেকারে ৪-৩ গোলে এগিয়ে থেকে শিরোপা জিতে নেয় বেতছড়ি মারমা পাড়া একাদশ। শেষ মুহূর্তের প্রতিটি শটেই থমকে যাওয়া নিঃশ্বাস আর গর্জে ওঠা হাততালিতে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর আবহ।
পুরো ম্যাচ জুড়ে দুই দলই উপহার দেয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, সুন্দর ও রোমাঞ্চকর খেলা। মাঠে যেমন লড়াই ছিল চোখে পড়ার মতো, তেমনি গ্যালারিতেও ছিল হাজার হাজার দর্শকের উচ্ছ্বাস— যা এ বছরের টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখবে।
চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ (বিটিজেকেএস) কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা (দেওয়ান), পশ্চিম গোলাবাড়ী ত্রিপুরা পাড়ার কার্বারি জ্ঞানেন্দ্র ত্রিপুরা, বিটিজেকেএস সদর শাখার সাংগঠনিক সম্পাদক রেভিলিয়াম রোয়াজা, ইউনিয়ন পরিষদ সদস্য রাম কুমার ত্রিপুরা প্রমুখ।
ফুটবলপ্রেমীদের কাছে এটি ছিল শুধু একটি খেলা নয়, বরং খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনের এক মহোৎসব— যেখানে ফুটবলের জাদু মিশে ছিল ঐক্য, প্রতিদ্বন্দ্বিতা আর উৎসবের আনন্দে।













