যশোর হোটেল হাসানের কর্ণধার হাসান আলীর ইন্তেকাল
- আপডেট: ০৫:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ৯৭

সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টারঃ যশোরের প্রখ্যাত ব্যবসায়ী, হোটেল হাসানের কর্ণধার ও সমাজসেবক হাসান আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০ আগস্ট) সকাল ৬টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
হাসান আলী দীর্ঘ কয়েক দশক ধরে ব্যবসা-বাণিজ্যে সুনাম অর্জন করেন। যশোরের জনপ্রিয় হোটেল হাসান ছাড়াও তিনি কনস্ট্রাকশন ব্যবসা এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন। মানবিক কর্মকাণ্ড ও দানশীলতার জন্যও এলাকায় তার বিশেষ সুনাম ছিল।
তার মৃত্যু সংবাদে যশোরের পোস্ট অফিস পাড়ায় অবস্থিত নিজ বাসভবনে স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীদের ভিড় লক্ষ করা গেছে। শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় ব্যবসায়ী মহলসহ সর্বস্তরের মানুষের মাঝে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ আসরবাদ যশোর ঈদগাহ্ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তিনি ৬ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনায় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। পিতার রূহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার সন্তানরা।




















