শিবগঞ্জ শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবক গুলিবিদ্ধ
- আপডেট: ০৫:৪২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ১৫৭

নুরতাজ আলম, চাঁপাইনবাবগঞ্জ।। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে বাংলাদেশি দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে শিংনগর বিওপির আওতাধীন ১৬৪/৫-এস পিলার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ জনের একটি দল ভোর ৪টার দিকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের দৌলতপুর সীমান্ত ক্যাম্পের বিএসএফ-৭১ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন মনাকষা ইউনিয়নের সাহাপাড়া মুন্সিপাড়া এলাকার আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম (২৫) ও মুন্নাপাড়া তারাপুর এলাকার সুলতানের ছেলে সুমন (২৮)।
গুলিবিদ্ধ দুই যুবককে সঙ্গীরা উদ্ধার করে সারাদিন গোপনে রাখার পর বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে বিজিবির পক্ষ থেকে কেবল সেলিমের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গুলিবিদ্ধ সেলিমের একজন নিকট আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু রাত সাড়ে ৯টার দিকে এক বার্তায় জানান, শিংনগর বিওপির পক্ষ থেকে বিএসএফের দৌলতপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলে তারা গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে।






















