বেনাপোলে বিজিবি’র অভিযানে সাড়ে ৪ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ
- আপডেট: ০৮:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / ১১০

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে আবারও চোরাচালানবিরোধী কঠোর অবস্থানে বিজিবি। ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ শাড়ি, চকলেট, ঔষধ ও কসমেটিকসসহ বেশ কিছু পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।
বুধবার (২৩ জুলাই-২০২৫) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীন বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ এ অভিযান চালানো হয়।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ভারত থেকে আনা অবৈধ পণ্য আটক করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে ছিল ভারতীয় শাড়ি, চকলেট, বিভিন্ন ব্র্যান্ডের ঔষধ ও কসমেটিকস সামগ্রী। এসব মালামাল আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি শুরু থেকেই জিরো টলারেন্স নীতিতে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

















