শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
- আপডেট: ০৮:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়ে ৬৪টি নিষিদ্ধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (২৫ নভেম্বর-২০২৬) দুপুরে উপজেলার সাড়াতলা ও পাকশিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান।
শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা জানান, চায়না দুয়ারি জালের ব্যবহারে দেশীয় প্রজাতির ছোট-বড় বিভিন্ন মাছ নির্বিচারে ধরা পড়ে। এতে মাছের প্রজনন ও বংশবিস্তার ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও জানান, অভিযানে ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর দৈর্ঘ্য প্রায় ৩ হাজার ২০০ মিটার এবং আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকার বেশি। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অনুযায়ী জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবিস্তার রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





















