ঝিকরগাছায় ঘরে ঢুকে নারীকে অচেতন করে স্বর্ণালংকার ও টাকা লুট
- আপডেট: ০৮:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ৬

সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
যশোরের ঝিকরগাছায় বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে এক নারীকে চেতনানাশক স্প্রে করে অচেতন অবস্থায় রেখে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। গত ২৪ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে উপজেলার রঘুনাথনগর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোছা. শামীমা জেসমিন ওই গ্রামের বাসিন্দা। তিনি রঘুনাথনগর স্কুলের প্রধান শিক্ষক এস এম হাসানুল বান্নার বোন। বাড়িতে তিনি একাই থাকতেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। এরপর চেতনানাশক ওষুধ স্প্রে করে শামীমাকে অচেতন করে ঘরের মালামাল নিয়ে পালিয়ে যায়।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে এক জোড়া সোনার হাতের চুড়ি, একটি স্বর্ণের আংটি ও একটি মোবাইল ফোন। এ ছাড়া মোবাইলের বিকাশ অ্যাকাউন্টে থাকা ২০ হাজার টাকা এবং নগদ ১৫ হাজার টাকাও নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘরের জিনিসপত্র এলোমেলো করে রেখে যাওয়ায় আরও কিছু মালামাল খোয়া গেছে কি না, তা এখনো জানা যায়নি।
এ ঘটনায় শামীমা জেসমিনের ভাই এস এম হাসানুল বান্না ঝিকরগাছা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে আব্দুল ওহাব ও মারুফ হোসেনসহ কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।
পরে শামীমা জেসমিনকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





















