শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক
- আপডেট: ১০:১৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ১৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৮ জুলাই-২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ রুদ্রপুর বিওপির সদস্যরা দায়িত্বপূর্ণ শার্শা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব সিরাপ আটক করেন।
বিজিবি সূত্র জানায়, উদ্ধার হওয়া ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার আলামত হিসেবে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, বিজিবির চলমান আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
এর ফলে মাদক ও অন্যান্য চোরাচালান পণ্য আটকের ক্ষেত্রে কার্যকর সাফল্য অর্জিত হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান পণ্য এবং সব ধরনের অবৈধ পাচার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।





















