বেনাপোলে বিজিবির অভিযানে শাড়ি-ফুচকা ও ভারতীয় চকলেট জব্দ
- আপডেট: ০৪:৫৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ১৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১১ জুলাই-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) পরিচালিত চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, অভিযানে ভারতীয় ৬৪টি শাড়ি, ৬ কেজি জিরা, ১০৭ কেজি ফুচকা, ৭ কেজি কিশমিশ, ৫ প্যাকেট সনপাপড়ি, ৭২টি বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী, ৩ হাজার ৮৩৪টি চকলেট এবং ৮১১টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৪৭ হাজার ৬৯০ টাকা।
আটক করা চোরাচালান পণ্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও পাচার কার্যক্রম রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।





















