ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল বেনাপোল ইমিগ্রেশনে আটক
- আপডেট: ১১:৪৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / ১৮

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্টপলিস্টে নাম থাকায় শাহরিয়ার করিম রাসেল নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বুধবার (৮ জুলাই-২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করা হয়।
আটক শাহরিয়ার করিম রাসেল ঝিনাইদহ শহরের উকিলপাড়া এলাকার রবিউল করিমের ছেলে। তিনি ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটির সভাপতি।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ভারতগামী যাত্রী হিসেবে শাহরিয়ার করিম রাসেল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় তার নাম ইমিগ্রেশন স্টপলিস্টে রয়েছে বলে শনাক্ত হয়। এরপর তাকে ইমিগ্রেশন পুলিশের হেফাজতে নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ জানায়, শাহরিয়ার করিম রাসেলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৬) এর অধীনে ঝিনাইদহ থানার মামলা নং-২০, তারিখ ৮ জুন ২০২৪, ধারা ৮/৯/১০/১১/১২/১৩ অনুযায়ী একটি মামলা বিচারাধীন রয়েছে। এ কারণেই তার নাম ইমিগ্রেশন স্টপলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান বলেন, স্টপলিস্টে নাম থাকায় শাহরিয়ার করিম রাসেলকে আটক করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করতে ঝিনাইদহ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। সেখান থেকে পুলিশ এলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।



























