যশোরে ডিবি-পুলিশের যৌথ অভিযানে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ট্রাকসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার
- আপডেট: ০৯:১২:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ৫

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বাঘারপাড়া থানা পুলিশের যৌথ অভিযানে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি মিনি ডাম্প ট্রাক, ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও একটি মাহিন্দ্রা পিকআপ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত (০৭ জুন ২০২৬) বাঘারপাড়া থানার খাজুরা পুলিশ ক্যাম্পের এসআই ফিরোজ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ খাজুরা তেল পাম্প এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন—একটি সংঘবদ্ধ চোরচক্র দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি চুরি করে এনে যশোর-মাগুরা মহাসড়কের তেলিধান্যপুরা গ্রামের দিশা স্কুল সংলগ্ন এলাকায় সিরাজুল ইসলামের ফার্ম হাউজের প্রাচীরঘেরা স্থানে এনে গাড়ি ভেঙে বিভিন্ন অংশে বিভক্ত করে বিক্রয় করছে।
এরই প্রেক্ষিতে দুপুর ২টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে মোঃ জামাল হোসেন (৪১), সেতু তালুকদার (২৮) ও মোঃ এনামুল (৪৮) কে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি মিনি ডাম্প ট্রাক, ট্রাকের বিভিন্ন অংশবিশেষ এবং একটি মাহিন্দ্রা পিকআপ জব্দ করা হয়। আটককৃতরা গাড়িগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকসহ বিভিন্ন যানবাহন চুরি করে এনে উক্ত স্থানে গ্যাসের সাহায্যে কেটে ভেঙে আলাদা অংশে বিভক্ত করা হতো এবং পরে তা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করা হতো।
পরবর্তীতে আটক আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হলে তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই মোঃ সালাউদ্দিন খানের উপর।
পরবর্তীতে (০৮ জুন ২০২৬) ভোর ৪টা ১০ মিনিটে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে চক্রের আরও এক সদস্য মোঃ হামজা (২৫) কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের (০৮ জুন ২০২৬) আদালতে সোপর্দ করা হয়। পরে সেতু তালুকদার, মোঃ এনামুল ও মোঃ হামজা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং উদ্ধার হওয়া মালামাল ও সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই চলছে।





















