বেনাপোলে বিজিবির অভিযানে ৩৭ বোতল বিদেশি মদ জব্দ
- আপডেট: ০৮:৪৮:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩৭ বোতল বিদেশি মদসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩০ মে-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল আইসিপি সীমান্ত এলাকা ও আমড়াখালী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে আইসিপি ক্যাম্প এলাকা থেকে ৩৭ বোতল বিদেশি মদ এবং আমড়াখালী চেকপোস্ট থেকে ১৮টি বিভিন্ন ধরনের চকলেট ও ৫০টি ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৬ হাজার ৯৪০ টাকা।
জব্দ হওয়া বিদেশি মদ মামলার আলামত হিসেবে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া অন্যান্য চোরাচালান পণ্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান পণ্য পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এসব অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















