শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : অনিন্দ্য ইসলাম অমিত
- আপডেট: ০১:১৪:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / ৭

জাহাঙ্গীর আলম, যশোর অফিস : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী শুধু বিএনপির জন্য নয়, দেশপ্রেমিক প্রতিটি নাগরিকের জন্যই বেদনাবিধুর একটি দিন। তিনি বলেন, “বাংলাদেশ স্বাধীনতার পর যে উচ্চতায় পৌঁছাতে পারত, শহীদ জিয়াকে হারানোর কারণে সেই অগ্রযাত্রা থমকে যায়।”
শনিবার (৩০ মে) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিবসটি উপলক্ষে সকালে জেলা বিএনপি কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ১০টায় জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, “জিয়ার চেতনা ও আদর্শ ধারণ করতে পারলে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা সম্ভব। দেশের উন্নয়ন ও অগ্রগতির যে ধারা তিনি শুরু করেছিলেন, তা অনুসরণ করেই এগিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, “ওয়ান-ইলেভেনের অসাংবিধানিক সরকারের মাধ্যমে দেশের উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত হয়। পরবর্তী সময়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সরকার দুর্নীতিতে নিমজ্জিত ছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থান বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি করেছে।”
প্রতিমন্ত্রী বলেন, “শহীদ জিয়া ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন। সরকারকে সফল করতে দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমান যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, তারেক রহমান সেই লক্ষ্যেই কাজ করছেন। তার কর্মকাণ্ডের প্রশংসা রাজনৈতিক প্রতিপক্ষের অনেকেও করছেন।”
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগমসহ জেলা ও নগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জেলা বিএনপি কার্যালয় চত্বরে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ওয়ার্ড পর্যায়ে দরিদ্রদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
এর আগে সকালে যশোরের ঘোপ আঞ্চলিক বিএনপির উদ্যোগে এনএম খান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, ঘোপ সেন্ট্রাল রোড এবং মাহমুদুর রহমান বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত দরিদ্র ভোজ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।





















