ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী অনি আটক
- আপডেট: ০৩:১৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ৬

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের শংকরপুর এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি অনিক হাসান অনি ও তার সহযোগী তানভীর আহমেদকে অস্ত্র, গুলি ও চাকুসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার সন্ধ্যার পর শংকরপুর বাবলাতলা এলাকার একটি মাছের ঘেরের টংঘরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক অনিক হাসান অনি শংকরপুর এলাকার আলতাফ হোসেন আলতুর ছেলে এবং তানভীর আহমেদ চাঁচড়া রায়পাড়া এলাকার তরিকুল ইসলামের ছেলে।
মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে এসআই কামরুজ্জামান, এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাসসহ একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে অনিক হাসান অনির কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এছাড়া সহযোগী তানভীর আহমেদের প্যান্টের পকেট থেকে একটি ধারালো চাকু উদ্ধার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, অনিক হাসান অনি দীর্ঘদিন ধরে শংকরপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ মোট ১৭টি মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন থানায় দায়ের হওয়া সাতটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
অন্যদিকে আটক তানভীর আহমেদের বিরুদ্ধে একটি চুরির মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মামলা শেষে আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।





















