শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক
- আপডেট: ০৩:৫৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ মিজানুর রহমান গহর (৬৫) গ্রেফতার হয়েছে।
র্যাবের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকা থেকে আটক করা হয়।
মামলার বাদী যশোরের শার্শা থানার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রামের জুয়েল রানার স্ত্রী মোছাঃ স্মৃতি বেগম (৩৩)।
তিনি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, অভিযুক্ত মিজানুর রহমান গহর তার শ্বশুর। অভিযোগ অনুযায়ী, গত (১৪ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে বাদীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে আসামি তাকে ভয়ভীতি দেখিয়ে শার্শা থানার একঝালা গ্রামের স্বামীর বাড়ির পেছনের একটি কলা বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শার্শা থানায় মামলা রুজু হয়।
পরে যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-এর নির্দেশনায় আসামিকে গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করে থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় শার্শা থানার এসআই মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ও র্যাবের (RAB) সক্রিয় সহযোগিতায় যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গত (২১ মে ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে পলাতক আসামি মোঃ মিজানুর রহমান গহরকে গ্রেফতার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার (২২ মে ২০২৬) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





















