খাগড়াছড়ির গুইমারায় ইজিপিপি কর্মসূচির আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
- আপডেট: ১০:৪৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ১

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি॥
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইজিপিপি কর্মসূচির আওতায় খাগড়াছড়ির গুইমারায় দুটি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে গুইমারা উপজেলার গুইমারা ইউনিয়নের তৈমাতাই খাল এবং হাফছড়ি ইউনিয়নের পিলাক খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
উদ্বোধন শেষে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীর অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদনে দেশে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। খাল খননের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হবে, কৃষি কাজে সুবিধা বাড়বে এবং মাছের উৎপাদনও বৃদ্ধি পাবে। এতে স্থানীয় জনগণ অর্থনৈতিকভাবে উপকৃত হবে।”
তিনি আরও বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। খাল পুনঃখননের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না, জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় কৃষিকাজ ও পানি চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছিল। খাল খনন কার্যক্রম বাস্তবায়িত হলে এলাকার কৃষি, মৎস্য উৎপাদন এবং জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।





















