ঈদকে সামনে রেখে যশোরে পশুর হাটে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা
- আপডেট: ১২:৪৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ৮

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যশোর জেলার পশুর হাটগুলোতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইজারাদারদের সঙ্গে আলোচনা সভা করেছে জেলা পুলিশ। সভায় হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতির কথা জানানো হয়।
মঙ্গলবার (১৯ মে-২০২৬) বেলা ১১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
সভায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে জেলার বিভিন্ন পশুর হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের সুবিধা-অসুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ঈদ ও পশুর হাটকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পশুর হাটে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তারা হাট ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, ঈদ মৌসুমে পশুর হাটগুলোতে জাল টাকার প্রবণতা বেড়ে যায়। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি হাটগুলোতে জাল টাকা শনাক্তকরণ মেশিন রাখার অনুরোধ জানান।
পুলিশ সুপার জানান, ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন। কোনো ধরনের চাঁদাবাজি বা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ধরনের কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্যও তিনি সকলের প্রতি আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাখাওয়াত হোসেন, ডিআই-১ মীর শরিফুল হকসহ জেলার বিভিন্ন পশুর হাটের ইজারাদারবৃন্দ।





















