যশোর সীমান্তে বিজিবি-র্যাবের যৌথ অভিযানে ৪৫৬ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ, আটক-১
- আপডেট: ১২:৪১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়। পাশাপাশি পৃথক অভিযানে বিভিন্ন চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (১৯ মে-২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও র্যাব-৬ সিপিসি-৩, যশোর ক্যাম্পের সদস্যরা শার্শা থানার কাশিপুর সীমান্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযানে কাশিপুর এলাকার গোপীনাথপুর গ্রাম থেকে ইকবাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শার্শা থানার ডিহি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
এসময় তার কাছ থেকে ৭৮ বোতল উইনসেরেক্স (WINCEREX) ও ২৬ বোতল এসকাফ (ESCUF) নামের নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়।

এদিকে পৃথক অভিযানে বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে আরও ২০০ বোতল উইনসেরেক্স ও ১৫২ বোতল এসকাফ সিরাপ জব্দ করেন।
এছাড়া অভিযানে ৩০টি শাড়ি, ২টি থ্রি-পিস, ৫টি কম্বল, ২ হাজার ৪১৫টি চকলেট, ১ কেজি জিরা, ৪১ কেজি ফুসকা, ৩ প্যাকেট সন পাপড়ি, ২ কেজি কিশমিশ, ১৭০টি আমের চাটনি, ৪৮টি বিভিন্ন খাদ্যসামগ্রী ও ৪৬৮টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধার হওয়া সব মালামালের বাজারমূল্য প্রায় ৭ লাখ ৩৪ হাজার ৯০ টাকা।
আটক ইকবাল হোসেনকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া বেনাপোল থেকে জব্দ হওয়া মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া চোরাচালান পণ্য আইনানুগ প্রক্রিয়ায় বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”





















