ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমীর কৃতি সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট: ০৭:০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ৭

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা পৌর সদরে অবস্থিত শিশু শিক্ষার অন্যতম শীর্ষস্থানীয় শিশু শিক্ষা প্রতিষ্ঠান ‘বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমী’র প্রাথমিক বৃত্তি-২০২৫ উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) স্কুল প্রাঙ্গনে জাঁকজমকপূর্ণ পরিবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধীজনদের উপস্থিতিতে পুরো আয়োজন এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান প্রজন্মকে নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়ালীয়ার রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রবীর কুমার কাঞ্জিলাল, সঞ্জয় ঘোষাল, ড. তৌহিদুর রহমান নুরুন্নবী, গোলাম কিবরিয়া, নাজমুল হাসান, সারথী লজিস্টিকস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মতিয়ার রহমান এবং জনতা ব্যাংকের সাবেক ডিজিএম মোঃ মনিরুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মহিউদ্দিন বিল্লাহ রুনু। তিনি বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে করা হবে। শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের কর্ণধার।”
অনুষ্ঠানে ট্যালেন্টপুলে ৭০ জন এবং সাধারণ গ্রেডে ৩০ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উপহার তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল আলম মন্টু সহ অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণ শেষে স্কুলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের অংশগ্রহণে এক উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।





















