চৌগাছায় পুলিশের অভিযানে ৪১ পিস ইয়াবাসহ আটক-২
- আপডেট: ১১:০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা থানায় পুলিশের বিশেষ অভিযানে ৪১ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৫ মে-২০২৬) বিকেলে দশপাখিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চৌগাছা থানা পুলিশ-এর এসআই জিএম ইমরান হোসেন রাজু ও এসআই মো. হোসেন পাটওয়ারী সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় বিশেষ অভিযান চালান।
বিকেল সাড়ে ৩টার দিকে দশপাখিয়া গ্রামের শাহিনুর রহমানের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে দুই ব্যক্তির কাছ থেকে মোট ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. সফিয়ার রহমান (৫৭), তিনি চৌগাছা থানার আফরা গ্রামের বাসিন্দা এবং মো. রিপন হোসেন (৪৫), যার গ্রামের বাড়ি চৌগাছা থানার বুড়িন্দিয়া এলাকায় হলেও বর্তমানে তিনি ঝিকরগাছার বারাকুলি এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার মধ্যে সফিয়ার রহমানের কাছ থেকে ২৫ পিস এবং রিপন হোসেনের কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





















