ঝিকরগাছায় দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত
- আপডেট: ১০:০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ৯

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় অজ্ঞাতনামা মোটরসাইকেলের ধাক্কায় বেনেয়ালি গ্রামের আহম্মেদ গাজীর পুত্র মো. আব্দুল আজিজ গাজী (৬৫) নামের এক নৈশপ্রহরী নিহত হয়েছেন।
বুধবার (১৩ মে) রাতে যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালী বাজারে এই দুর্ঘটনা ঘটে। তিনি বেনেয়ালী বাজারে নৈশপ্রহরীর কাজ করতেন।
জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে বাড়ি থেকে পায়ে হেঁটে বেনেয়ালী বাজারে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
ঘটনা নিশ্চিত করে নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বলেন, ঘাতক মোটরসাইকেলটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।





















