বাঘারপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কে ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৮:১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়ায় তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও ক্রীড়ামোদী ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এতে অংশ গ্রহণ কারী অন্যান্যের মধ্যে ছিলেন, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামান, শিক্ষা কর্মকর্তা ওহিদুজ্জামান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম কুদ্দুস, কলেজ শিক্ষক মাসুদ আলম টিপু, ক্রীড়া শিক্ষক আবুল কালাম আজাদ এবং সাংবাদিক হুমায়ুন কবীরসহ অন্যান্যরা।
এসময় তারা বলেন, এই আয়োজনের মাধ্যমে উপজেলার শিশু-কিশোরদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বৃদ্ধি পাবে এবং সুস্থ্য ও মেধাবী প্রজন্ম গড়ে উঠবে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী অংশ গ্রহণকারীদের নিয়ে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট—মোট ৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সভায় জানানো হয়, আগ্রহী প্রতিযোগীদের আগামী ২৪ এপ্রিলের মধ্যে অনলাইনের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাঘারপাড়ার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে।





















