স্বাস্থ্যবিধি লঙ্ঘন: বাগআঁচড়ায় ৪ ক্লিনিককে জরিমানা
- আপডেট: ০৫:৪২:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১২

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে বাগআঁচড়া এলাকার বিভিন্ন ক্লিনিকে ঝটিকা পরিদর্শন করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে জোহরা মেডিকেল সেন্টারকে ১০ হাজার টাকা, বাগআঁচড়া নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, আল-মদিনা প্রাইভেট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা এবং জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম বলেন, “জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
পরিদর্শনে বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম ও স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানকালে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সুবেন্দু বিশ্বাসসহ শার্শা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।






















