চৌগাছায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও এসকাফ সিরাপসহ দুইজন আটক
- আপডেট: ০৭:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৮ বোতল এসকাফ সিরাপসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৬ জুলাই) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে চৌগাছা থানার এসআই জি.এম. ইমরান হোসেন রাজুর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চৌগাছা উপজেলার পুড়াপাড়া বাজার এলাকায় মেসার্স সোবহান ট্রেডার্সের সামনে পুড়াপাড়া-চৌগাছাগামী পাকা সড়কের ওপর থেকে মো. জুয়েল রানা (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক জুয়েল রানা ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ভাটপাড়া (মাঝেরপাড়া) গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
অপরদিকে, সোমবার (২৭ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে চৌগাছা থানা পুলিশের আরেকটি অভিযানে ৬৮ বোতল এসকাফ সিরাপসহ নয়ন বিশ্বাস (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, চৌগাছা থানার এএসআই মো. মোফাজ্জেল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় থানার বর্ণি গ্রামের মিহিরের পাটক্ষেতের সামনে বর্ণি (মাঝেরপাড়া) থেকে রাজাপুরগামী ইটের সলিং রাস্তার ওপর থেকে নয়ন বিশ্বাসকে আটক করা হয়। তার কাছ থেকে ৬৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক নয়ন বিশ্বাস চৌগাছা থানার বর্ণি (হিন্দুপাড়া) গ্রামের বিমল বিশ্বাসের ছেলে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার আদালতে পাঠানো হয়েছে। চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।





















