১ আগস্ট যশোরে যুব সমাবেশ সফল করতে শার্শায় প্রস্তুতি সভা
- আপডেট: ১১:১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ৭

নিজস্ব প্রতিবেদক: আগামী ১ আগস্ট যশোরে অনুষ্ঠিতব্য যুবদলের যুব সমাবেশ সফল করার লক্ষ্যে শার্শা উপজেলা যুবদল ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই-২০২৬) বিকেল ৫টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান মধু।
সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম।
সঞ্চালনা করেন বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, শহিদুল ইসলাম শহীদ, মনিরুজ্জামান মনি, কবির হোসেন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদসহ শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের নেতৃবৃন্দ এবং উপজেলার ১১টি ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুর রহমান মধু বলেন, আগামী ১ আগস্ট যশোরে অনুষ্ঠিতব্য যুবদলের সমাবেশ ইতিহাসের অন্যতম বৃহৎ ও সফল সমাবেশে পরিণত হবে। তিনি বলেন, এ সমাবেশের মাধ্যমে যুবদলের সব ইউনিট আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হবে।
তিনি আরও বলেন, দেশে কোনো ফ্যাসিবাদী শক্তিকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। পাশাপাশি, ৫ আগস্টের পূর্বে সংঘটিত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
সভায় বক্তারা আগামী ১ আগস্টের যুব সমাবেশ সফল করতে শার্শা উপজেলা, বেনাপোল পৌরসহ সব ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।





















