খুলনায় র্যাবের অভিযানে বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
- আপডেট: ০৭:৫১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ৯

Lনিজস্ব প্রতিবেদক: খুলনার রায়ের মহল এলাকায় অভিযান চালিয়ে টাইগার গ্রুপের সক্রিয় অস্ত্রধারী সদস্য হিসেবে পরিচিত রবিউল ইসলামকে (৩৬) একটি বিদেশি রিভলবারসহ গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি।
রোববার (২৬ জুলাই-২০২৬) দুপুর ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব-৬ জানায়, গ্রেফতার হওয়া রবিউল ইসলাম খুলনা জেলার আড়ংঘাটা থানার রায়ের মহল গ্রামের শেখ লাল মিয়ার ছেলে।
অভিযানের সময় তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার দেখিয়ে দেওয়া স্থানে রাখা একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় অস্ত্রটি জব্দ করা হয়।
র্যাবের ভাষ্য, গ্রেফতার ব্যক্তির অপরাধসংক্রান্ত রেকর্ড (পিসি-পিআর) পর্যালোচনায় দেখা গেছে, খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ মোট ১৬টি মামলা রয়েছে।
র্যাব আরও জানায়, গ্রেফতার রবিউলের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাকে উদ্ধার করা আলামতসহ খুলনা মহানগর পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হবে।
র্যাব-৬ বলেছে, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং হত্যা-ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।





















