বেনাপোল-চৌগাছা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ০৯:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন হিজলী বিওপি ও বেনাপোল আইসিপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হিজলী বিওপি এলাকায় ভারতীয় ৫০ বোতল এসকাফ সিরাপ ও ৫০ বোতল উইনসেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়।
অন্যদিকে, বেনাপোল আইসিপি এলাকায় অভিযান চালিয়ে ১১টি শাড়ি, ১ কেজি জিরা, ১১ প্যাকেট পাতার বিড়ি, ৩ প্যাকেট সোন পাপড়ি, ১ হাজার ৯৪২টি চকলেট এবং ১৭৩টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ১৬ হাজার ১০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া চোরাচালান পণ্য বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে পাচার চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















