ডিবি পুলিশের অভিযানে অভয়নগরে ১৫০ পিস ইয়াবাসহ ‘মাদক সম্রাজ্ঞী’ লিপি আটক
- আপডেট: ০৬:৪৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ১৪

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ অভয়নগর উপজেলার চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী মোছাঃ লিপি আক্তার (৪০) আটক হয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে অভয়নগর থানার নওয়াপাড়া পৌরসভার বুইকারা এলাকার ৫ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি চৌকস দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় বুইকারা এলাকার ইটের সলিং রাস্তার ওপর মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে লিপি আক্তারকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তার কাছে ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করলে উপস্থিত সাক্ষীদের সামনে নারী পুলিশের সহায়তায় তল্লাশি চালানো হয়। এ সময় তার পরিহিত শাড়ির আচলে বাঁধা অবস্থায় একটি নীল রঙের জিপারযুক্ত পলিথিন ব্যাগ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি তার কাছ থেকে নগদ ৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আটক লিপি আক্তার অভয়নগর এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য আইনে মোট ২৫টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) আদালতে প্রেরণ করা হয়েছে।





















