শার্শার পল্লীতে পূর্ব বিরোধের জেরে হামলায় নারী লাঞ্ছিত, আহত-৪
- আপডেট: ০১:২৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ৬৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নারী লাঞ্ছিতসহ অন্তত চারজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে শার্শা থানার মাটিপুকুরিয়া গ্রামের খোড়াতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা তোফাজ্জেল হোসেনের বাড়ির সামনে পূর্ব বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়ে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। এতে বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়।
এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী সালমা খাতুনকেও মারধর করা হয় এবং তার পরিহিত কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। একই সঙ্গে তার হাতে থাকা একটি স্মার্টফোন ভাঙচুর করা হয় এবং গলায় থাকা প্রায় ৫ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।
এর কিছুক্ষণ পর সকাল ১১টার দিকে একই এলাকায় আরেক দফা হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, প্রধান আসামি মো. আরমান হোসেন ডাবলুর নেতৃত্বে অভিযুক্তরা আবারও সংঘবদ্ধ হয়ে কয়েকজনকে লক্ষ্য করে হত্যার হুমকি দেয় এবং মারধর শুরু করে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে জনি রহমান নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। এছাড়া লোহার রডের আঘাতে হাসিবুর রহমানসহ আরও কয়েকজন আহত হন।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে তারা প্রাথমিক চিকিৎসা নেন।
এ ঘটনায় মো. জনি রহমান বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযোগে মাটিপুকুরিয়া গ্রামের মো. আরমান হোসেন ডাবলু, রবিউল ইসলাম রবি, বিপ্লব হোসেন, মো. আবু বক্কর সিদ্দিক, শারাফাত রহমান কনক, মাসুদ রানা, শফিকুর রহমান, বিল্লাল হোসেন, বিপ্লব হোসেন, আমিনুর রহমান সহ মোট ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






















