বেনাপোলে ক্রেন দুর্ঘটনায় নিহত-আহত শ্রমিক পরিবারের পাশে বিএনপি নেতা আবু তাহের ভারত
- আপডেট: ০১:০০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ২২

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল স্থলবন্দরে গত ৭ এপ্রিল ঘটে যাওয়া ক্রেন দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
সোমবার (১৪ এপ্রিল-২০২৬) বিকেল ৫টার দিকে তিনি নিহত শ্রমিকের পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা এবং চার বস্তা চাল, ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। একই সঙ্গে আহত শ্রমিকের পরিবারের হাতে ২৫ হাজার টাকা ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এ সময় আবু তাহের ভারত বলেন, একসময় বেনাপোল বন্দর ছোট পরিসরের হলেও শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে এটি আজ দেশের বৃহত্তম স্থলবন্দরে পরিণত হয়েছে। তবে এত গুরুত্বপূর্ণ বন্দর হওয়া সত্ত্বেও এখানকার মানুষের মৌলিক সুযোগ-সুবিধা এখনও নিশ্চিত হয়নি বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, বেনাপোলে আধুনিক হাসপাতাল, উন্নত শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসন ব্যবস্থার অভাব প্রকট। বিশেষ করে দুর্ঘটনায় আহত শ্রমিকদের দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা না থাকায় অনেক সময় যশোরে নেওয়ার পথেই রোগীর মৃত্যু ঘটছে। এ কারণে বেনাপোলে একটি আন্তর্জাতিক মানের জেনারেল হাসপাতাল স্থাপনের দাবি জানান তিনি।
আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রীর উলশী খাল খনন কর্মসূচিতে আগমনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, বেনাপোলবাসীর দীর্ঘদিনের দাবি ও সমস্যাগুলো সরকারের নজরে আসবে এবং কার্যকর সমাধান হবে।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুল আহাদ, প্রচার সম্পাদক আব্দুল মুননাফ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুয়েল রহমান, বিএনপি নেতা আতিয়ার মল্লিক, ছোটআঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসহাক, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, ডাক্তার সেলিমসহ স্থানীয় নেতাকর্মীরা। এছাড়া বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন।






















