শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- আপডেট: ১২:৫৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ১৫

মাগুরা প্রতিনিধি :মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ইউনিয়ন পর্যায়ের খেলা শেষ হয়েছে।
আড়পাড়া ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয় সমূহ এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।১১ এপ্রিল বিকালে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে আড়পাড়া ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।
খেলায় অংশগ্রহণকারী বালক ও বালিকা দল তাদের অসাধারণ ক্রীড়ানৈপুণ্য, শৃংখলা ও ক্রীড়া মনোভাব প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়। খুদে ফুটবলারদের এই টুর্নামেন্ট ছিল প্রানবন্ত ও উৎসবমুখর। মাঠজুড়ে ছিল দর্শকদের ভিড়, শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস এবং শিক্ষকদের আন্তরিকতা ছিল লক্ষণীয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন, সহকারী কমিশনার ভূমি এম সাব্বির হাসান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু সায়েম বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিচুর রহমান মিল্টন, জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, আড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আরুজ আলী বিশ্বাস, আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের শিক্ষক আলী আহসান, ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্য মোঃ বনি আমিন বলেন, খেলাধুলা শুধু আনন্দের বিষয় না খেলাধুলা একটি ডিসিপ্লিনের বিষয়। যে মানুষ যত ডিসিপ্লিন, সে মানুষ তত সফল। তিনি বলেন, যারা খেলাধুলা পরিচালনা করেন যাদের স্কুলের মাঠ আছে, মাঠে তাদেরকে একটু কসরত শেখানো। একটা বিষয় লক্ষ্য রাখবেন যে নির্দিষ্ট বয়স ও নির্দিষ্ট উচ্চতা এর বাইরে কাউকে খেলতে দেয়ার সুযোগ নাই। শেষে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে পুরস্কার প্রদান করা হয়।























