ছিনতাই–চাঁদাবাজি রোধে মোহাম্মদপুর–আদাবরে সাঁড়াশি অভিযানে আটক ৪২ জন
- আপডেট: ১০:৫২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৭৪

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করেছে পুলিশ। রমজান ও পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এই অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত ওই দুই এলাকায় একযোগে অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি জানান, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারেন এবং ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে কার্যক্রম চালাতে পারেন, সে লক্ষ্যেই বিশেষ এই অভিযান পরিচালিত হচ্ছে।
ডিসি ইবনে মিজান বলেন, মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে আটক করা হয়েছে। একই সময়ে আদাবর থানা এলাকা থেকে ১২ জনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ছিনতাইকারী, কিশোর গ্যাং, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।






















