যৌথ বাহিনীর অভিযানে পুলিশ ছদ্মবেশী চাঁদাবাজ আটক, পুলিশের পোশাক ও নকল রিভলবার উদ্ধার
- আপডেট: ১০:১৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ৩৩৮

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগানে সেনাবাহিনীর তৎপরতায় উদঘাটিত হয়েছে চাঞ্চল্যকর এক প্রতারণার ঘটনা। গতকাল সোমবার গভীর রাতে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে ছদ্মবেশী চাঁদাবাজ ও প্রতারক ‘বাবু’কে।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১২টার দিকে কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারের সময় ‘বাবু’ নিজের বাসায় পুলিশের পোশাক পরে চাঁদাবাজির উদ্দেশ্যে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার কাছ থেকে বেশ কিছু চাঁদাবাজির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পরে অভিযানে তার অন্যতম সহযোগী শাহীন—যিনি কুখ্যাত সন্ত্রাসী ‘পিচ্চি হান্নান’-এর জামাতা—তার বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় আরও ৭ জোড়া পুলিশের পোশাক এবং একটি নকল রিভলবার। এইসব সরঞ্জাম ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে কলাবাগান ও আশপাশের এলাকায় বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করে আসছিল।
সূত্র জানিয়েছে, শুধু চাঁদাবাজিই নয়—এই চক্রের সঙ্গে মাদক ব্যবসারও গভীর সম্পর্ক রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।
গ্রেফতারকৃত বাবুর বিরুদ্ধে কলাবাগান থানায় রয়েছে ৭টি মামলা ও একটি সাধারণ ডায়রি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থার খাতায় তিনি ‘গুরুত্বপূর্ণ অপরাধী’ হিসেবে চিহ্নিত।
জনসাধারণকে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা অপরাধমূলক তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।






















