বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, কসমেটিকস ও চকলেটসহ বিভিন্ন পণ্য জব্দ
- আপডেট: ০২:৫৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ৮

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৭ হাজার টাকার বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৬ আগস্ট-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল আইসিপি টহলদল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, অভিযানে ভারতীয় ২৯টি শাড়ি, একটি কম্বল, ৮ কেজি ফুচকা, ১৫০টি চকলেট এবং ৩৫৬টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭ হাজার ৫২৮ টাকা।
আটক করা চোরাচালান পণ্য পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং বিশেষ আভিযানিক কার্যক্রম দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















