গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে বেনাপোলের ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মৃত্যু, দাফন সম্পন্ন
- আপডেট: ০৪:২০:০১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ১৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকার একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দেলোয়ার হোসেন (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী সবুর হোসেনের ছোট ভাই।
পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় অবস্থানকালে হঠাৎ বাসার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলোয়ার হোসেন গুরুতর দগ্ধ হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (১০ জুলাই-২০২৬) আছরের নামাজের পর বেনাপোল কাগজপুকুর বাজারে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল সংখ্যক মুসল্লি, আত্মীয়-স্বজন, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাজায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, শার্শা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক মিয়াদ আলী, শ্রমবিষয়ক সম্পাদক সহিদ আলী, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, শার্শা উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

জানাজা শেষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, “দেলোয়ার অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন। তাঁর আচরণ ও ব্যবহারে সমাজের সবাই সন্তুষ্ট ছিলেন। তিনি যদি অজান্তে কারও প্রতি কোনো অন্যায় বা কষ্ট দিয়ে থাকেন, তাহলে সবাই তাকে ক্ষমা করে দেবেন। মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।”
এর আগে ঢাকায় অনুষ্ঠিত প্রথম জানাজায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমসহ ঢাকায় বসবাসরত বেনাপোল-শার্শা এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
পরে মরহুমের শেষ জানাজা শেষে নিজ জন্মস্থান বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।





















