নাভারণে পুলিশের বিশেষ অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
- আপডেট: ০৮:২৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৪ জুলাই-২০২৬) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শার্শা থানার নাভারণ দক্ষিণ বুরুজ বাগান গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মৃত শেখ জোহর আলীর ছেলে শেখ আবুল হোসেন (৫৫) এবং তার স্ত্রী মোছাঃ মাছুরা খাতুন (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই আশীষ সরকার, এএসআই মোঃ লাভলু মিয়া এবং এএসআই আব্দুল্লাহ আল মামুনের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস টিম দক্ষিণ বুরুজ বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন নিজ বাড়ির উঠান থেকে ওই দম্পতিকে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃতদের দেহ তল্লাশি করে স্বামী শেখ আবুল হোসেনের কাছ থেকে ৩৬ পিস এবং স্ত্রী মাছুরা খাতুনের কাছ থেকে ১৭ পিসসহ সর্বমোট ৫৩ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকের বিরুদ্ধে শার্শা থানা পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















