খাগড়াছড়িতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল-সমাবেশ
- আপডেট: ১১:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ১

খাগড়াছড়ি প্রতিনিধি: জুলাইয়ের গণহত্যা, খুন, গুমসহ সকল হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।
শনিবার (৪ জুলাই ২০২৬) বিকেল ৫টায় ১১ দলীয় ঐক্য, খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে শহরের মুক্তমঞ্চ থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, জামায়াতের জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, এনসিপি খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মো. নুরুল আলম, যুগ্ম আহ্বায়ক সাথোয়াই মারমা এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সাত্তারসহ অন্যান্য নেতারা।
বক্তারা জুলাইয়ের গণহত্যা, খুন, গুমসহ সকল হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান।
সমাবেশে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক প্রতিহিংসা এবং বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। তারা বলেন, রাষ্ট্র পরিচালনায় ন্যায়বিচার, জবাবদিহি এবং জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, দেশে নতুন করে কোনো স্বৈরাচারী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না। অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তারা দাবি করেন, জুলুম-নির্যাতনের রাজনীতি দীর্ঘস্থায়ী হয় না এবং অন্যায়কারীদের শেষ পর্যন্ত জবাবদিহির মুখোমুখি হতে হয়। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।























