শালিখার ঐতিহাসিক গঙ্গা স্নান উৎসব ও গ্রামীণ মেলা উপলক্ষে চলছে প্রস্তুতি
- আপডেট: ১২:৫১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ৭

স্বপন বিশ্বাস, শালিখা,মাগুরা। মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের চুকিনগর এলাকায় আগামী ২৪ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী গঙ্গাস্নান ও গ্রামীণ মেলা।
প্রতি বছরের ন্যায় ফটকি নদীর তীরে আয়োজিত এই ধর্মীয় ও সামাজিক উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫০০ বছরেরও বেশি সময় ধরে চুকিনগরে এই গঙ্গাস্নান উৎসব ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। দীর্ঘদিনের এই ঐতিহ্য শুধু ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয়, বরং এটি এলাকার সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গঙ্গাস্নান উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার পূণ্যার্থী ও দর্শনার্থী এখানে সমবেত হন। স্নান শেষে ভক্তরা বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন। একই সঙ্গে নদীর পাড়জুড়ে বসে বর্ণিল গ্রামীণ মেলা, যেখানে নানা ধরনের খেলনা, মাটির তৈরি সামগ্রী, মিষ্টান্ন, গৃহস্থালি পণ্য ও লোকজ সংস্কৃতির বিভিন্ন উপকরণ বিক্রি করা হয়।
আয়োজক কমিটির সদস্যরা জানান, স্নানার্থীদের নিরাপত্তা ও সার্বিক সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নদীর ঘাট সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানীয় জলের ব্যবস্থা এবং শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।
এলাকার প্রবীণরা বলেন, “চুকিনগরের গঙ্গাস্নান শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এই আয়োজনকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়।”
স্থানীয়দের প্রত্যাশা, যথাযথ নিরাপত্তা ও ব্যবস্থাপনার মাধ্যমে এ বছরের গঙ্গাস্নান ও গ্রামীণ মেলাও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। ঐতিহ্যবাহী এই আয়োজন আগামী প্রজন্মের কাছে এলাকার ইতিহাস ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধভাবে তুলে ধরবে বলে মনে করছেন তারা।





















