কলেজ শিক্ষিকাকে জুতাপেটা করা বিএনপি নেতা বহিষ্কার
- আপডেট: ০৫:০০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / ১৫

রাজশাহী প্রতিনিধিঃ শিক্ষিকাকে জুতা দিয়ে মারার অভিযোগ উঠেছে বিএনপি নেতা আকবর আলীর বিরুদ্ধে
রাজশাহীর দুর্গাপুরের একটি কলেজের নারী প্রভাষককে মারধর করা বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত নেতার নাম আকবর আলী। তিনি দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি। তার বিরুদ্ধে কলেজের অফিস কক্ষ ভাঙচুর, অধ্যক্ষসহ শিক্ষকদের ওপর হামলা এবং নারী প্রভাষককে প্রকাশ্যে জুতা দিয়ে পেটানো অভিযোগ উঠেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার সুষ্পষ্ট অভিযোগে দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
এই বিষয়ে জানতে বহিষ্কৃত আকবর আলীর মোবাইলে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ ও সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারকে ফোন করা হলেও তার কল রিসিভ করেননি।
এর আগে, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল বহিষ্কারের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন। তিনি বলেন, “কেন্দ্র থেকে আকবর আলীকে বহিষ্কার করলে কিছুই করার নেই। তবে, আমরা স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করছি।”


























